বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন রাজশাহী বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে তিনি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন সীমান্ত।
বিসিবির নির্বাচনে রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্তের কোন প্রতিদ্বন্দ্বি ছিলেন না। ফলে রাজশাহী বিভাগ (ক্যাটাগরি-০১) থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন।
মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। বাবা প্রতিমন্ত্রী হওয়ার পর পারিবারিক ব্যবসা ও বিভিন্ন লিমিটেড কোম্পানির শেয়ার-সংক্রান্ত সার্বিক তদারকির দায়িত্ব পালন করে আসছেন সীমান্ত।
পদত্যাগপত্রে সীমান্ত বলেন, বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।
গতকাল রবিবার (৭ জুন) বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন সোমবার (৮ জুন) আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
