বিশ্বকাপে উঠতে ব্যর্থ, ইতালি ফুটবল প্রধানকে পদত্যাগের আহ্বান ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে উঠতে ব্যর্থ, ইতালি ফুটবল প্রধানকে পদত্যাগের আহ্বান ক্রীড়ামন্ত্রীর

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় ইতালির ফুটবল ফেডারেশনের প্রধানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি। মঙ্গলবার ইউরোপীয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে ইতালি আবারও বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে।

টাইব্রেকারে হেরে যাওয়ায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের আসরেও ইতালি থাকছে না। এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুরিরা।

ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)-এর প্রধান গ্যাবিয়েল গ্রাভিনা যদিও বলেছেন তিনি পদত্যাগ করবেন না। তবে আগামী সপ্তাহে বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবোদি বলেন, “ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সেটা শুরু করতে হবে এফআইজিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে।”

২০১৮ সাল থেকে ইতালিয়ান ফুটবলের দায়িত্বে থাকা গ্রাভিনা এর আগে কার্লো টাভেসিওর স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে ইতালির বিশ্বকাপ মিসের পর পদত্যাগ করেছিলেন।

একটি সূত্র জানিয়েছে, গ্রাভিনা বৃহস্পতিবার ইতালির তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে রোমে ফেডারেশনের সদর দপ্তরে কিছু সমর্থক ডিম নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল প্লে-অফে পরাজয়ের পর গ্রাভিনা অভিযোগ করেন যে, ফুটবল যথেষ্ট রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না। তিনি বলেন, “ইতালিয়ান ফুটবল গভীর সঙ্কটে রয়েছে।”



শেয়ার করুন :