সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয় করা হলো না বাংলাদেশের। ২০১৬ সালের মতো এবার বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে ভারত।
শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এর আগে ২০১৬ আসরের ফাইনালেও বাংলাদেশকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
সাফ নারী চ্যাম্পিয়নশীপে ভারতের এটি ষষ্ঠ শিরোপা। এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার শিরোপা জিতেছিল ভারত। তবে ২০২২ এবং ২০২৪ আসরে টানা শিরোপা জয় করে বাংলাদেশ।
ফাইনাল ম্যাচে প্রথমার্ধের স্টপেজ টাইমে তারকা ফরোয়ার্ড ঋতুপর্নার দুর্দান্ত গোলে বাংলাদেশ ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। এর আগে ১২ মিনিটে তহুরা খাতুন ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন।
ম্যাচের ৩০তম মিনিটে আভিকা সিংহের হেড বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করলেও ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর মনিশার শট মিলি দুর্দান্ত ভাবে রক্ষা করেন।
৪১তম মিনিটে তহুরা আরও একটি সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে মধ্যমাঠ থেকে পাস পেয়ে পিয়ারি সাহা লফটেড শটে মিলিকে পরাস্ত করলে এগিয়ে যায় ভারত। তিন মিনিট পর আনিকার দূর পাল্লার শট ভারতীয় গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত গোল করে আবারও ম্যাচে লিড নেয়। ৪৯তম মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশরে ডিফেন্ডাররা তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে নিজেদের পোস্ট সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। ভারতীয়রা একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে এলোমেলো করে দেয়।
৮২তম মিনিটে ডিফেন্ডার আফইদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের ফরোয়ার্ডের পায়ে লেগে আরেক ফরোয়ার্ড লিন্ডা কম বল পান। তার নেওয়া শট জালে জড়ালে ভারতের শিরোপা আরও নিশ্চিত হয়।
শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সাথে সাফ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের দুই আসরের আধিপত্য শেষ হয়। এর আগে গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ বিধ্বস্ত হয়েছিল টাইগ্রেসরা।
