কোয়াটার ফাইনালে বাংলাদেশের জুমার-অহিদুল এবং মাসুদ-রবিন জুটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫
কোয়াটার ফাইনালে বাংলাদেশের জুমার-অহিদুল এবং মাসুদ-রবিন জুটি

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের তৃতীয় দিন স্বাগতিক শাটলাররা দ্বৈতে ও মিশ্র দ্বৈতে নৈপুণ্য প্রদর্শন করেছেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে হতাশার গল্প লেখা শাটলাদের মানরক্ষা করেছে পুরুষ দ্বৈতের শাটলাররা। বিশেষ করে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রি-কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তারা। ভারতের প্রতিযোগী ডেভার্ট মান-সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশের জুমার-অহিদুল। এছাড়া মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তানকে পরাজিত করে।

প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি। শুক্রবার (১৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নামবেন তারা।

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে নামার আগে সর্বশেষ কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন জুমার-অহিদুল। সেখান থেকে খালি হাতে ফেরেননি তারা। দেশের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে ঘরে ফেরেন। গেল এক বছর ধরে জুটি বেঁধে খেলছেন বাংলাদেশের এই জুটি।

ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিজেদের পারফরম্যান্সে দ্রুতি ছড়িয়েছেন। ভারতের প্রতিযোগীদের কাছ থেকে লড়াই করে একেকটা পয়েন্ট তুলে নিয়েছেন। প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয় বাংলাদেশ-ভারতের মধ্যে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানের প্রথম সেট জিতেন জুমার-অহিদুল। পরের সেট ১৭-২১ পয়েন্ট ব্যবধানে হেরে যান।

তৃতীয় সেটে গিয়ে বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিলেও মাঝে ইনজুরিতে পড়েন অহিদুল। ওই সময় বেশ কিছু পয়েন্ট হারায় বাংলাদেশ। এক সময় মনে হচ্ছিল অহিদুলের ইনজুরি ম্যাচ থেকে হয়তো বাংলাদেশকে ছিটকে দিবে। সেটা আর হয়নি। অহিদুল পা খুঁড়িয়ে খেলেই ম্যাচ জিতে তার জুটি জুমারের মুখে হাসি ফোটান।

ম্যাচ শেষে জুমার-অহিদুল বলেন, আমরা কোয়ার্টারে পা রেখেছি। আরও অনেকদূর যেতে চাই। কানাডায় স্বর্ণ জিততে পারিনি, ঘরের মাঠে স্বর্ণ জিততে চাই। আমরা দুজন অনেকদিন পরস্পরের সঙ্গে জুটি বেঁধে খেলছি। একে অপরের মধ্যে বেশ ভালোই বোঝাপড়া। প্রতিপক্ষ যেই আসকু আমরা জয়ের জন্যই খেলতে নামবো। সবার দোয়া প্রত্যাশা করছি।

পুরুষ দ্বৈতে কোর্টে নেমেছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি। তবে জিততে পারেননি। ভিয়েতনামের বুই দ্যান- নুয়েন ডাকের কাছে ২১-১৭ ও ২১-১৭ পয়েন্ট ব্যবধানে হেরে যান তারা। জিততে পারেননি রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিও।

ভারতের স্বস্তিক মাথারাসান-গোকুল জুটির কাছে ২৬-২৪, ১৫-২১ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধান হেরে যান তারা। নারী দ্বৈতে গ্রেট ব্রিটেনের চো ওয়াই লাম- থালিয়া লিন সির কাছে বাংলাদেশের ডালিয়া-মাথিনা জুটি ২১-১১ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধান পরাজিত হয়।

এছাড়া বাংলাদেশের রেশমা-বৃষ্টি জুটিও জিততে পারেননি। ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে পরাজিত হন। মিশ্র দ্বৈতে বাংলাদেশের সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির কাছে ২১-১৩, ২১-২৩ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়েছেন।



শেয়ার করুন :