ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশের তারকা শাটলার জুটি আল আমিন জুমার এবং ঊর্মি আক্তার।
ফাইনালে তারা মালোয়েশিরার সাথে খেলবেন তারা। ফাইনালে উঠার মধ্য দিয়ে বাংলাদেশের সিলভার পদক নিশ্চিত হয়েছে। এর আগে মিশ্র দ্বৈতে বাংলাদেশের সর্বোচ্চ পদক ছিল ব্রোঞ্জ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জুমার ও ঊর্মি। শনিবার দুপুরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে কোয়ার্টার ফাইনাল খেলায় ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে শেষচারে জায়গা করে নেন আল আমিন জুমার ও ঊর্মি জুটি।
খেলা শেষে উর্মি আক্তার বলেন, “সকালেই আমি বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার স্বর্ণ জিততে চাই।”
আল আমিন ঝুমারের কথা, “সাত বছর ধরে উর্মিকে নিয়ে আমি মিশ্র দ্বৈতে খেলছি। এবারও পারফর্ম ভাল করছি। মূলত এসএ গেমসের জন্য যে অনুশীলন হয়েছে, তা অনেক কাজে দিয়েছে আমাদের।”
দলের কোচ এলিনা সুলতানা বলেন, “দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করলো উর্মি ও জুমার। আশা করি ফাইনালে জিতে সেই ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তারা।”
