এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক, ইতিহাস গড়লো মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ পিএম, ২১ অক্টোবর ২০২৫
এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক, ইতিহাস গড়লো মেয়েরা

ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে বাংলাদেশের এটাই প্রথম পদক জয়।

গত দুই আসরে অংশ নিলেও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুচলো। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে।

প্রথমার্ধে অর্জিত অগ্রগতির কারণে শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

পদক জয়ের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরেও গিয়েছিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেশের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনে বাংলাদেশের তরুণ এই কাবাডি দল।



শেয়ার করুন :