ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি’ (বিএসজেসি) কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিএসজেসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে খোঁজ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়।
বিএসজেসি জানায়, ঢাকা জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলায় অবস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) কার্যালয়টি সর্বশেষ গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধ করা হয়। পর পর দুইদিন বৃহস্পতি ও শুক্রবার কার্যালয়টি বন্ধ ছিল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিএসজেসি সিনিয়র সদস্য বদরুল আলম চৌধুরী খোকন কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। বিষয়টি সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলকে অবহিত করলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিএসজেসি কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনাটি জানতে পেরে পুলিশে অবহিত করেন।
চুরির ঘটনা জানার পর পল্টন থানার পুলিশ পরিদর্শক নুরজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিএসজেসিতে ওই ঘটনায় নগদ টাকাসহ সাড়ে তিন লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
