সাত দিনের মধ্যে ফেডারেশনগুলোকে সফলতা-ব্যর্থতা জানাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সাত দিনের মধ্যে ফেডারেশনগুলোকে সফলতা-ব্যর্থতা জানাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ

বিগত এক বছরে দেশের ক্রীড়াঙ্গণের সফলতা, ব্যর্থতা এবং বিদ্যমান সমস্যা চিহ্নিত করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিটি ফেডারেশনকে একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থার প্রতিনিধিদের সাথে ‘ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন’ বিষয়ক এক পরামর্শমূলক সভায় আমিনুল হক এ নির্দেশ দেন।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। ক্রীড়া ফেডারেশনগুলোও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানানো হয়।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দলমত ও জাতি নির্বিশেষে সকলকে এক করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী, স্বচ্ছল করতে চাই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সভায় বিগত এক বছরে দেশের ক্রীড়াঙ্গণের সফলতা, ব্যর্থতা এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিটি ফেডারেশনকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া ফেডারেশনগুলোও নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিবেদন পেশ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা তৃণমূল পর্যায় থেকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাই। পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের নির্বাচনের মাধ্যমে আমরা ক্রীড়া ফেডারেশনগুলোর আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন করবো।

ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হবে। প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে তাদের জাতীয় খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকা যাচাই-বাছাই করে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াবো।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ‌‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পবিত্র ঈদুল ফিতরের পর পরই শুরু করা হবে।

অনুষ্ঠিত সভায় নিষ্ক্রিয় ফেডারেশনগুলোর সমস্যা চিহ্নিত করা এবং সমজাতীয় ফেডারেশনগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ক্রীড়া সামগ্রীর উপর ট্যাক্স কমানো এবং বিদ্যমান তফসিলভুক্ত ব্যাংকগুলোর সিএসআর ফান্ডকে খেলাধুলায় বিনিয়োগ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :