বাবা সাইকেল মেকানিক, ছেলে দেব মন্ডলকে নিয়ে স্বপ্ন বুনছে বরিশালবাসী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ মে ২০২৬
বাবা সাইকেল মেকানিক, ছেলে দেব মন্ডলকে নিয়ে স্বপ্ন বুনছে বরিশালবাসী

বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন। অভাবের সংসার, ছিল না নামী একাডেমি কিংবা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ -তবুও অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছেন উজিরপুরের নবম শ্রেণির ছাত্র দেব মন্ডল।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। চলমান এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে প্রথমে নজর কাড়েন দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে।

জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেন তিনি। তার জাদুকরী হ্যাটট্রিকে (৩ গোল) বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের বড় ব্যবধানে পিরোজপুরকে পরাজিত করে সেমি-ফাইনালের টিকিট কাটে।

দেবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে দেব মন্ডল আরও একটি চোখ ধাঁধানো গোল করে দলকে ফাইনালে তোলার গৌরব অর্জন করান।

মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেবের এই উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের চেনা মাঠগুলোতে প্রাকটিস করেই সে আজ এই পর্যায়ে এসেছে।

দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মো. রাকিব হোসেন, আর বিশ্বমঞ্চে সে বুঁদ হয়ে থাকে লিওনেল মেসির পায়ের জাদুতে।

বিস্ময়কর এই প্রতিভার স্বপ্ন আকাশছোঁয়া। শান্ত ছেলেটি যখন মাঠে নামে, তখন তার লক্ষ্য থাকে একটাই -একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করা।



শেয়ার করুন :