সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। ম্যাচ শুরুর আগে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম বাঁহাতি এই টাইগার ব্যাটারের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে তানজিদ হাসান তামিম ১০৯তম ক্রিকেটার; যিনি লাল-সবুজের জার্সিতে টেস্ট ক্যাপ পরলেন। এর আগে বাংলাদেশের হয়ে ১০৮ জন ক্রিকেটার টেস্ট খেলেছেন।
সীমিত ওভারের ক্রিকেটে আগেই জাতীয় দলে জায়গা করে নেওয়া তানজিদ এবার সুযোগ পেলেন টেস্ট অঙ্গনে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করা তানজিদের দিকে এখন তাকিয়ে টাইগার ভক্তরা। তবে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে কিছু হতাশাও করেছেন তানজিদ। ব্যাট হাতে দারুণ শুরুর পর ভুল শটে ক্যাপবন্দি হয়ে ফিরেছেন তিনি।
সিলেটে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ২৬ রান করেছেন তানজিদ। ৩৪ বল খেলা তানজিদের এই ইনিংসে ৩টি চারের মার ছিল।
টেস্টের আগে ২০২৩ সালের ৩১ আগষ্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং ২০২৪ সালের ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ মাথায় পরেছিলেন তিনি।
