এএফসি নারী এশিয়ান কাপে জাপানের কাছে পাত্তাই পেল না ভারতের মেয়েরা। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হারের লজ্জা পেয়েছে ভারত। এগার গোলের বিপরীতে দলের পক্ষে একটি গোলও করতে পারেনি ভারত।
ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে পিছিয়ে থাকার পর ভারতের মেয়েরা বাকি ৬টি গোল খায় দ্বিতীয়ার্ধে। পুরো ম্যাচে আধিপত্য বিরাজ করেছে খেলেছে জাপানের মেয়েরা।
ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে খেলেছে জাপান। বাকি ২২ শতাংশ সময় বল পাওয়া ভারতের মেয়েরা একবারের জন্য হলেও জাপানের গোলেবারে শট নিতে পারেনি।
বিপরীতে ভারতের জালে ৩৬বার শট নিয়েছে জাপান। যার মধ্যে ১৮টি টার্গেট শট ছিল।
জাপানের হয়ে হ্যাটট্রিক গোল করেছেন দুইজন। ২০, ৩৫ এবং ৮১তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক গোল পূর্ণ করেন হিনাতা মিয়াজাওয়া। এছাড়া ৪৭, ৫০ এবং ৬৫তম মিনিটে গোল করে হ্যাটট্রিক গোল করেন রিকু উয়েকি।
দলের পক্ষে জোড়া গোল করেন কিকো সেকি (৪৫+৫ পেনাল্টি, ৫৫)। তবে ভারতের জালে জাপানের প্রথম গোলটি আসে ম্যাচের শুরুতেই, চতুর্থ মিনিটে। এছাড়া একটি করে গোল করেন আরও দু’জন।
ভারতের বিপক্ষে এই ম্যাচের পর টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জাপান। একটি করে জয় পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চাইনিজ তাইপে এবং ভিয়েতনাম।
এছাড়া কোন জয় না পেয়ে চতুর্থ স্থানে থাকা ভারত নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল।
