উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৯ মার্চ ২০২৬
উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ করলো বাংলাদেশ

ছবি: বাফুফে

টানা তিন ম্যাচ হেরে নারী এশিয়ান কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (৯ মার্চ) অস্ট্রেলিয়ায় উজবেকিস্তানের বিপক্ষে হার দিয়ে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল শিয়ান কাপের মিশন শেষ করলো।

নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ২-০ গোলে এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল পিটার জেমস বাটলারের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। তবে সেটি আর হয়নি।

অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে লিড নেয় উজবেকিস্তান। মধ্য মাঠ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

ম্যাচের ২৩তম মিনিটে দ্বিতীয় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে মারিয়া মান্দার অসাধারণ ট্যাকলে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। এরপর ৩১তম মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ।

উজবেকিস্তানের সীমানায় বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। ৪২তম মিনিটে আবারও গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন কোহাতি কিসকু।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে নেয়। ৬২ থেকে ৬৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে উজবেকরা। ৬২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন দিলদোরা নোজিমোভা।

ম্যাচের ৮৮ মিনিটে বাংলাদেশের জালে এক হালি গোল পূর্ণ করেন নিলুফার কুদ্রাতোভার। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ হারে বাংলাদেশ।



শেয়ার করুন :