জাতীয় সাঁতার প্রতিযোগীতার প্রথম দিনে নতুন পাঁচ রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০২৫
জাতীয় সাঁতার প্রতিযোগীতার প্রথম দিনে নতুন পাঁচ রেকর্ড

ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতার ইভেন্টে ৫টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে।

সোমবার (২০ অক্টোবর) প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে আলো ছড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। পুরুষদের সাঁতারে একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর কাজল মিয়া। ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের গড়া রেকর্ড ভেঙেছে তিনি।

দিনের দ্বিতীয় রেকর্ডটি আসে ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে, যেখানে কাজল তার নিজের করা গত বছরের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

কাজলের মতো নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিও দুটি নতুন জাতীয় রেকর্ড করেছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার সময় নিয়েছেন ২৬.০৫ সেকেন্ড। পরে ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে দলগতভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েন রাফি।

নারী সাঁতারেও একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা যুথী, এ্যানি ও সোনিয়া যৌথভাবে এই রেকর্ডটি গড়েন।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :