ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের নীল জলে নেমে একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় দিনে আরও চারটি নতুন রেকর্ড গড়েছেন রাফি।
প্রতিযোগীতার প্রথম দিন একটি ব্যক্তিগত ও একটি দলীয় ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছিলেন নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। ফলে দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় বাংলাদেশ নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য এবং ০৩টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে।
দিনে রাফির প্রথম রেকর্ডটি আসে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে। তিনি গত বছর নিজের করা রেকর্ডটি ভেঙে এবার সময় নিয়েছেন ২ মিনিট ৮.৯২ সেকেন্ড, যা তার আগের ২ মিনিট ৯.৯৯ সেকেন্ডের চেয়েও দ্রুত।
এরপর ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে তিনি ২৫.১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন, যা ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে।
সামিউল ইসলাম রাফির দিনের তৃতীয় রেকর্ড ছিল ১০০ মিটার ফ্রিস্টাইলে। ৫২.৪২ সেকেন্ড সময় নিয়ে ১২ বছর আগে করা মাহফিজুর রহমানের রেকর্ড (৫২.৮৮ সেকেন্ড) ভাঙেন তিনি।
এছাড়া চতুর্থ ও শেষ রেকর্ডটি আসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে। এখানেও তিনি গত বছর নিজের করা রেকর্ড ভেঙে ২ মিনিট ১০.৪৬ সেকেন্ড সময় নেন, যা তার আগের ২ মিনিট ১০.৮৭ সেকেন্ডের চেয়ে দ্রুত।
গত দুই বছর থাইল্যান্ডে স্কলারশিপ নিয়ে উন্নত প্রশিক্ষণ পেয়েছেন রাফি। এছাড়া নতুন মিশরীয় কোচের অধীনে সাঁতারুরা অনেক কিছুই শিখতে পারছেন। রাফি মনে করেন, এর ফলেই এবার অনেক নতুন জাতীয় রেকর্ড হচ্ছে। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট এই সাঁতারু ভবিষ্যতে আরও ভালো কিছুর প্রত্যাশা করেন।
