মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১২ মে ২০২৬
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

২০২৪ সালে পাকিস্তানের ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার মিরপুরেও টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত দল।

এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

সিরিজের প্রথম ও মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং দ্বিতীয় ইনিংসে টাইগার পেসার নাহিদ রানা পাঁচ উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল। এতে প্রথম ইনিংস থেকে ২৭ রানে লিড পায় টাইগাররা।

এরপর ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শান্ত-মিরাজরা।

জবাবে পঞ্চম দিনের শেষ সেশনে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আব্দুল্লাহ ফজল।

বল হাতে বাংলাদেশের নাহিদ রানা ৪০ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মে থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান।



শেয়ার করুন :