শেষ ম্যাচে হারলো সিলেট, শীর্ষে ফিরলো রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
শেষ ম্যাচে হারলো সিলেট, শীর্ষে ফিরলো রাজশাহী

বিপিএলে নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারলো সিলেট টাইটানস। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে ৫ রানে হারিয়ে দিয়েছে রাজশাহী।

এ জয়ে ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থানে ফিরেছে রাজশাহী। অন্যদিকে, ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলো সিলেট। শেষ ম্যাচে হেরে গেলেও শেষচারে খেলা নিশ্চিত করেছে সিলেট।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪১ ও মুমিনুল হকের ৩৬ বলে ৩১ রানে লক্ষ্যের পথেই ছিল সিলেট। তবে মাঝে রিপন মণ্ডলের তোপে পথ হারায় তারা।

শেষ দিকে মঈন আলী ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু ১৯তম ওভারে মঈন ও নাসুম ফিরলে চাপে পড়ে সিলেট।

শেষ ওভারে বিনুরা ওয়াইড দিয়ে নাটকীয়তা তৈরি হয়। তবে শেষ বলে রুয়েল মিয়াকে বোল্ড করে রাজশাহীর জয় নিশ্চিত করেন। বল হাতে রাজশাহীর রিপন মণ্ডল ৪টি ও বিনুরা ২ উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে ১৪৭ রানেই আটকে যায় রাজশাহী। দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলে দলের হাল ধরেন শান্ত (৩৪) ও মুশফিকুর রহিম (৪০)।

তাদের ৫৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটলেও বড় পুঁজি পায়নি রাজশাহী। সিলেটের শহিদুল, রুয়েল ও মিরাজ প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন।

দিনশেষে বোলারদের নৈপুণ্যে স্বল্প পুঁজি নিয়েই কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে রাজশাহী।


বিষয়ঃ

শেয়ার করুন :