নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার প্যানেলে জেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২০ আগস্ট ২০২৫
নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার প্যানেলে জেসি

নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটিতে মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদদের সাথে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি।

চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার বিষয়ে আইসিসি থেকে ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছেন জেসি। এর আগে লিটন দাসদের সিরিজে নিজেকে প্রমান করার আরও একটি ভালো মঞ্চ পেলেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। জাতীয় পুরুষ দলের আন্তর্জাতিক সিরিজে জেসির এটাই প্রথম দায়িত্ব পালন।

বিসিবি থেকে পাঠানো আম্পায়ার প্যানেলে নেদারল্যান্ডস সিরিজে মোট ৪ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। সাথীরা জাকির জেসি ছাড়া বাকি তিনজন হলেন- তানভীর আহমেদ, মোরশেদ আলী খান এবং মাসুদুর রহমান মুকুল। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন আইসিসির নাঈমুর রশিদ রাহুল।

নেদারল্যান্ডস সিরিজে তানভীর, মুকুল ও মোরশেদ -এই তিনজনকে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে। জেসি প্রথম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়ায় মেয়েদের সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন জেসি। এছাড়া লিস্ট ‘এ’, আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। দুই দলে মধ্যকার সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১ ও ৩ সেপ্টেম্বর।



শেয়ার করুন :