চলমান ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় দিনের খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ (৪৭)। সোমবার (২৭ অক্টোবর) খুলনা এবং বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে মাঠেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
৪৭ বছর বয়সী হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হাসান আহমেদ গত এক দশকেরও বেশি সময় ধরে এনসিএলে বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ট্রমা ভিক্টিম পুনর্বাসন কেন্দ্রে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রয়াত হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এছাড়া হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটাররা কালো ব্যাজ পড়বে এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
এছাড়া মঙ্গলবার (২৮ অক্টোবর) চলমান এনসিএল ম্যাচের চতুর্থ দিনে খেলা দলগুলোও হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।
