আফিফের সেঞ্চুরিতে সাউথ জোনের ৭ উইকেটের জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আফিফের সেঞ্চুরিতে সাউথ জোনের ৭ উইকেটের জয়

আফিফ হোসেনের সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের ১২তম আসর শুরু করলো সাউথ জোন।টুর্নামেন্টের উদ্বোধনী দিন সেন্ট্রাল জোনকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সাউথ জোন। দলের জয়ে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন আফিফ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট্রাল জোন। ৩৪ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্বিতীয় উইকেটে ১৩৮ রান যোগ করেন ওপেনার মোহাম্মদ নাইম ও মাহফিজুল ইসলাম।

দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন। নাইম ৭টি চার ও ২টি ছক্কায় ৬৯ এবং মাহফিজুল ৬টি বাউন্ডারিতে ৬৩ রান করেন। নাইম ও মাহফিজুলের মতো হাফ-সেঞ্চুরির স্বাদ নেন চার নম্বরে নামা অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ২ চার ও ৩ ছক্কায় ৭৩ বলে ৬৭ রানের ইনিংস সাজান অঙ্কন। এছাড়া শেষ দিকে ইরফান শুক্কুরের ১৯ বলে ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ পায় সেন্ট্রাল জোন।

সাউথ জোনের সৌম্য সরকার ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় সাউথ জোন। গোল্ডেন ডাক মারেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন ওপেনার আনিসুল ইসলাম ইমন ও জাওয়াদ আবরার। উইকেটে সেট হয়ে ইমন ৪৩ ও আবরার ৪০ রানে আউট হন।

১০৮ রানে তৃতীয় উইকেট পতনের পর সেন্ট্রাল জোনের বোলারদের উপর দাপট দেখিয়ে ২৭ বল বাকি থাকতে সাউথ জোনের জয় নিশ্চিত করেন আফিফ ও মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

৮৬ বলে অপরাজিত ১০০ রান করার পথে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকান আফিফ। ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৬৫ বলে অনবদ্য ৭২ রান করেন মিঠুন। ম্যাচ সেরা হয়েছেন আফিফ।

মো. ফয়সাল আলম/রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :