টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব হারালেন রশিদ খান। দেশটি নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ওপেনার ইব্রাহিম জাদরানকে বেছে নিয়েছে। এতদিন রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম।
রশিদের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে তৃতীয় হলেও সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান ক্রিকেট দল।
‘ডি’ গ্রুপে খেলা আফগানিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে বিশ্বকাপে শুরু করেছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয়তার জন্ম দেয় দেশটি।
ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই হয়। পরে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারিয়ে দেয় প্রোটিয়ারা। পর পর দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পড়ে যাওয়া বাকি দুই ম্যাচ জিতলেও সুপার এইটে যেতে পারেনি।
নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে এবং গ্রুপ পর্বে শেষ ও নিজের চতুর্থ ম্যাচে কানাডাকে ৮২ রানের ব্যবধানে হারিয়ে দেয় আফগানিস্তান।
বিশ্বকাপ শেষে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই সিরিজ দিয়েই রশিদ খানের পরিবর্তে অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের যাত্রা শুরু হবে।
