প্রথমবারের মতো মাঠে বসে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। গ্যালারিতে (প্রেসিডেন্ট বক্স) বসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয় দেখলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচেই মাঠে হাজির হন জাইমা রহমান।
প্রেসিডেন্ট বক্সে দাঁড়িয়ে বাংলাদেশ দলকে উৎসাহ দেন জাইমা রহমান, ছবি- বিসিবি
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচের পুরোটা সময় প্রেসিডেন্ট বক্সে কখনও বসে কখনো বা দাঁড়িয়ে দেখেন জাইমা রহমান। গ্যালারিতে (প্রেসিডেন্ট বক্স) বসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটে জয় দেখেন তিনি। এ সময় বাংলাদেশ দলকে উৎসাহও দেন জাইমা রমহান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জাইমা রহমানকে অর্ভ্যথনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট বক্সে জাইমা রহমানের খেলা দেখার সময় পরিচালক আসিফ আকবর, রুবাবা দৌলা এবং জাইমা রহমানের সাথে আসা গৃহকর্মী ফাতেমা বেগমও উপস্থিত ছিলেন।
মিরপুরে পৌঁছানোর পর জাইমা রহমানকে অভ্যর্থনা জানান আমিনুল হক, ছবি- বিসিবি
ম্যাচ শেষে পরিচালন আসিফ আকবর গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ করবে খেলা দেখার জন্য। চলতি সিরিজে না হলেও আসন্ন নারী বিপিএলে তারেক রহমানকে মাঠে দেখা যেতে পারে।
