আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এর মাধ্যমে প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
২০০৭ সালের নভেম্বরে জয়পুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজের। এরপর দেশের হয়ে ৫৪ টেস্টে ৩০৩১ রান, ১১৭ ওয়ানডেতে ২৩১৫ রান ও ৬১টি টি-টোয়েন্টিতে ৮১৮ রান করেন তিনি। এর মধ্যে টেস্টে ৪টি ও ওয়ানডেতে ২টি সেঞ্চুরি করেছেন।
উইকেটরক্ষক হিসেবে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩১৫টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন ৩৮ বছর বয়সী সরফরাজ। পাকিস্তানকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন সরফরাজ।
দেশের হয়ে ১৩টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তার নেতৃত্বে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান।
এছাড়া সরফরাজের অধীনে টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ের শীর্ষে উঠা এবং টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে পাকিস্তান।
অবসর নিয়ে সরফরাজ বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পাকিস্তানের ক্রিকেটে প্রতিটি মুহূর্ত বিশেষ ছিল।”
তিনি আরও বলেন, “সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করা আমার স্বপ্ন পূরণের মতো ছিল। আমি সবসময় দলের জন্য নিজের সেরাটা এবং ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চেষ্টা করেছি। আমার অধিনায়কত্বের সময় বাবর আজম, শাহিন আফ্রিদি, হাসান আলী এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ সেরা হয়ে উঠতে দেখা আমার অর্জনগুলির মধ্যে একটি।”
সরফরাজ বলেন, “বছরের পর বছর ধরে আমার উপর আস্থা রাখার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তান ক্রিকেট সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং আমি সবসময় এই খেলাকে সমর্থন করে যাব।”
