বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চেয়ারম্যান করে চার সদস্যের নতুন নির্বাচক প্যানেল নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন ছাড়া বাকি তিনজন হলেন- হাসিবুল হোসেন, নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।
সোমবার (২৩ মার্চ) এব বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। নতুন এ নির্বাচক প্যানেল ২০২৭ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
৫৩ বছর বয়সী বাশার এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে একজন সফল ব্যাটার হিসেবে বাশার টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান করেছেন।
এছাড়া বাংলাদেশ দলের সাবেক পেসার হাসিবুল হোসেন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের অংশ ছিলেন।
প্যানেলে বাকি দু’জন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম দুই দশকের এক বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন উপভোগ করেছেন এবং সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন।
৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীরেও ২০ বছরের বিস্তৃত খেলার অভিজ্ঞতা রয়েছে। অবসর গ্রহণের পর বিসিবির অধীনে বয়স-ভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
