বল টেম্পারিং করে নিষিদ্ধ ফখর জামান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিং করে নিষিদ্ধ ফখর জামান

ফাইল ফটো

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফখরের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠেছিল।

করোচির ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এ সময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। বলটি টেম্পারিং বা বিকৃত করা হয়েছে বলে জানিয়ে বল পরিবর্তন করেন দুই অনফিল্ড আম্পায়ার।

বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।

পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর। এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন ফখর। ৪৮ ঘন্টার মধ্যে টেকনিক্যাল কমিটির কাছে আপিল করতে পারবে ফখর।



শেয়ার করুন :