দায়িত্ব পাওয়ার পরদিনই বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঠিক করেছেন তামিম ইকবালে নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। ১১ সদস্যের কমিটিতে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নামও জানিয়ে দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। তবে ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ বিভাগ ক্রিকেট অপারেশন্স।
ক্রীড়া পরিষদের দেওয়া ১১ সদস্যের অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন করবেন। তবে এ তিন মাস বিসিবির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য স্ট্যান্ডিং কমিটি গঠন করলো তামিম ইকবাল।
কম সংখ্যক সদস্য হওয়ায় স্ট্যান্ডিং কমিটিতে প্রত্যেককেই একাধিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি তামিম ইকবাল নিজেও দুটি বিভাগের দায়িত্ব পালন করবেন, তা হলো- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ।
স্ট্যান্ডিং কমিটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এছাড়া আমিরুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, আতহার আলী খান আম্পায়ার্স, মিনহাজুল আবেদীন নান্নু টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন।
ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব কাউকে না দেওয়ার বিষয়ে তামিম ইকবাল বলেন, “ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, ক্রিকেট অপারেশন্স বিভাগ খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এটি খুবই সংবেদনশীল একটি জায়গা। এখন যদি আমরা নতুন কাউকে সেখানে দায়িত্ব দিই এবং তিনি এসে নিজের মতো করে ইনপুট দিতে শুরু করেন, তাহলে চলমান কাজের মধ্যে অযথা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকতে পারে।”
তিনি বলেন, “এ কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপাতত ক্রিকেট অপারেশন্সে কাউকে নিয়োগ দেওয়া হবে না। ক্রিকেট অপারেশন্স থেকে কোনো বিষয় বা প্রস্তাব এলে তা বোর্ডে বসেই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি ও দায়িত্ব
তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস
তানজিল চৌধুরী -এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী- মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু- ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির- লজিস্টিকস
আতহার আলী খান- আম্পায়ার কমিটি।
