বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের তিন ক্রিকেটার। ১৫ সদস্যের দলে বাকি ১২জন আসবেন দ্বিতীয় ধাপে।
ঢাকা এবং চট্টগ্রামে তিন সপ্তাহের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশ সফরে আসছেন না প্রথমসারির ক্রিকেটাররা।
বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম সারির অন্তত ১০ জন খেলোয়াড়। এছাড়া ঢাকা সফরে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নিউজিল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা আজ (মঙ্গলবার) দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবেন।
সূচি অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ইনডোরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন করার কথা রয়েছে। সেই অনুযায়ী রাতে ঢাকা পৌঁছে সকালেই অনুশীলনে নামতে হবে তাদের।
ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
