দেশের হয়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না টাইগার পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রুবেল নিজেই এই ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে সর্বশেষ ২০২১ সালে ১ এপ্রিল ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন তিনি।
ক্রিকেটের তিন ফরম্যাটে বল হাতে ১৯৩ উইকেট শিকার করা রুবেল হোসেন বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
রুবেল বলেন, বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট খেলা ইচ্ছ রয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, “তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।”
রুবেল হোসেন বল হাতের দেশের হয়ে ২৭ টেস্টে ৩৬, ১০৪ ওয়ানডে ম্যাচে ১০২ এবং ২৮টি টেস্ট খেলে ২৭টি উইকেট শিকার করেছেন।
