পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে দুই নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে দুই নতুন মুখ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে চমক হিসেবে দুটি নতুন মুখ রয়েছে। ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

নতুন মুখ হিসেবে বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া হলেন- ওপেনার তানজিদ হাসান তামিম এবং ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান।

তানজিদ হাসান তামিম সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাঁকা করে নিয়েছেন। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডও দারুণ। ২৫ ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন।

এছাড়া ২৩ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিতে হাসানও প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ সফল। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় রান ৪৯।
sportsmail24
তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান, (বাঁ থেকে)

দুই নতুন মুখ ছাড়াও ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর টেস্ট দলে ফিরছেন পেস জুটি তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। আর দলে ফেরা অফ স্পিনার নাঈম হাসানও শেষ টেস্ট খেলেছিলেন প্রায় এক বছর আগে।

দল নতুন দুই মুখ নিয়ে প্রথান নির্বাচক কাজী হাবিবুল বাশার (সুমন) বলেছেন, “টেস্ট ক্রিকেটে তানজিদ আমাদের ভাবনায় ছিল। প্রথম-শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো এবং আমরা মনে করেছি, টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। আমরা আত্মবিশ্বাসী যে, সুযোগ পেলে সে দীর্ঘ ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারবে।”

অমিত হাসানকে নিয়ে তিনি বলেন, “প্রথম-শ্রেণির ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার হওয়ায় অমিত দলে ডাক পেয়েছে। তার মেজাজ বেশ আকর্ষণীয়, আমরা বিশ্বাস করি, এটি টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই দুই খেলোয়াড়ের হাতেই সময় আছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সেবা করতে পারবে।”

বাংলাদেশ দল (প্রথম টেস্ট)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান।



শেয়ার করুন :