শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবরা। এ জয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের কাছে হেরে গেলেও শ্রীলঙ্কার যুবারাও সেমিফাইনাল খেলবে। কারণ এ ম্যাচের আগেই গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় সেমিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ এখন ভারত।

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ ডিসেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা।

বুধবার (১৭ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গুটিয়ে গেলেও বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। তার ব্যাট থেকে এসেছে ৪৯ রানের ইনিংস। ১ রানের জন্য ফিফটি বঞ্চিত জাওয়াদ আফগানিস্তানের বিপক্ষে ৯৬ এবং নেপালের বিপক্ষে অপরাজিত ৭০ রান করেছিলেন।

দলের অপর ওপেনার রিফাত বেগ করেছেন ৩৬ রান। দুই ওপেনার ১২.৩ ওভারেই দলকে এনে দেন ৮৪ রান। তবে ভালো শুরুর পরও সংগ্রহ বড় করতে পারেনি বাংলাদেশ।

২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করার পর শেষ ৭ উইকেটে মাত্র ৬২ রান তুলতে পারলে বাংলাদেশ গুটিয়ে যায় ২২৫ রানে।

বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে ৩৮ রানে ৪ উইকেট শিকার করেন শ্রীলঙ্কার অফ স্পিনার কাভিজা গামাজি।

জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশি দূর যেতে পারেনি শ্রীলঙ্কার যুবারা। শেষ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৮৬ রান করে শ্রীলঙ্কা। ১২৬ রানে অষ্টম উইকেট হারিয়ে দেড়শ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়লেও নবম উইকেট জুটিতে ৫৬ রানের জুটি গড়ে আদহাম হিল্মি ও রাসিথা নিমসারা।

শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে দেওয়ার পথে ৩টি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। ম্যাচ সেরাও হয়েছেন ইকবাল।



শেয়ার করুন :