ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১০ মার্চ ২০২৬
ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এবার ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান সিরিজ থেকেই সেই চ্যালেঞ্জের যাত্রা শুরু করছে মেহেদী হাসান মিরাজরা। তবে বিশ্বকাপ নিশ্চিত করতে হোম এডভান্টেজও নেবেন মিরাজরা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের উইকেট নিয়ে মিরাজ বলেন, “আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো। প্রত্যেকটা টিমই হোম এডভান্টেজ নেয়। তবে এখন আমরা চেষ্টা করবো ট্রু উইকেটে খেলতে। ব্যাটাররা যেন অনেক আত্মবিশ্বাস পায় (বিশ্বকাপের আগে), রান করতে পারে -এভাবে আমরা চেষ্টা করবো।”

ট্রু উইকেটের কনসেপ্ট সম্পর্কে টাইগার ক্যাপ্টেন বলেন, “বিশ্বকাপে অবশ্যই ভালো উইকেট থাকে। আমরা সেই অভ্যাসটা এখন থেকেই শুরু করতে চাচ্ছি। যেহেতু ২০২৭ সালের বিশ্বকাপের আগে আমাদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে। সো, আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি ট্রু উইকেটে খেলতে পারি, তাহলে এখানে আমাদের একটা ভালো অভিজ্ঞতা হবে।”

২০২৭ বিশ্বকাপে খেলতে হবে বাংলাদেশকে র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকতে হবে। যেখানে বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিং দশে। ফলে ট্রু উইকেটে খেলার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে সেটাও মনে করিয়ে দেন মিরাজ।

তিনি বলেন, “এখই সাথে আপনার মনেও রাখতে হবে, আমাদের কিন্তু কোয়ালিফাইও (বিশ্বকাপে) করতে হবে। আরও যারা আছে যাদের বিপক্ষে হোম এডভান্টেজ নিতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করবো, হোম এডভান্স নেওয়ার জন্য। এর সাথে এটাও মাথায় রাখতে হবে, যেন ম্যাক্সিমাম ম্যাচ ট্রু উইকেটে খেলতে পারি।”
sportsmail24
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত মিরপুর, ছবি- স্পোর্টসমেইল

মিরপুরের উইকেট সব সময় স্পিন নির্ভর হয়ে থাকে। তবে হোম কন্ডিশন মানেই যে খারাপ উইকেট সেটা নয় বলেও জানান মিরাজ। বলেন, “হোম কন্ডিশন মানে এ রকম না যে, আমরা খুব বাজে উইকেটে খেলবো -এমন না। হোমে আমরা ভালো উইকেটেই খেলবো, তবে আমরা হোম এডভান্সটা যেন নিতে পারি।”

ক্রিকেট বিশ্বে ওয়ানডে ফরম্যাটে এক সময় নিজেদের অবস্থানের জানান দিচ্ছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। পাকিস্তান সিরিজ থেকেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে চান মিরাজ।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, “ওয়ানডে ফরম্যাটে খুব ভালোভাবে কামব্যাক করার জন্য এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি -এই টোনটা আমরা এখন থেকেই সেট করতে চাচ্ছি।”



শেয়ার করুন :