পাকিস্তানকে লজ্জায় ফেলে সহজে জিতলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১১ মার্চ ২০২৬
পাকিস্তানকে লজ্জায় ফেলে সহজে জিতলো বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সহজেই জয়লাভ করলো বাংলাদেশ। সফররত পাকিস্তান ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে রেকর্ড সর্বনিম্ন ১১৪ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) মিরপুরে টস জিতে প্রথমে বোলিং করতে নেমে নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য নতুন রেকর্ড। এর আগে ওয়ানেড ক্রিকেটে পাকিস্তানকে সর্বনিম্ন ১৬১ রানে আটকাতে পেরেছিল বাংলাদেশ।

১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৫.১ ওভারে ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ব্যাট হাতে তানজিদ তামিম ৬৭ রান এবং লিটন কুমার দাস ৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার সাইফ হাসান ৪ এবং নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ধীরগতির ছিল। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিন আহমেদের স্থানে নাহিদের হাতে বল দেন অধিনায়ক মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার।

ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। নবাগত শামিল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার।

১১তম ওভারে জীবন ফিরে পাওয়া অভিষিক্ত শামিল উইকেটে পিছনে লিটনকে ক্যাচ তুলে দেন। ১৪তম ওভারে রানার তৃতীয় শিকারে পরিনত হন সাদাকাত।

পরের দুই ওভারে রানা একে একে সাজঘরে পাঠিয়েছেন রিজওয়ান ও সালমান আলিকে। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ক্যারিয়ারের প্রথমবারের মত ফাইফার পূরণ করেন রানা।

পরের কাজটুকু সেরেছেন মিরাজ। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন।

আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ’ রানের কোট পার করে সফরকারী পাকিস্তান।

পাকিস্তানকে এমনভাবে হারানোর ম্যাচ বল হাতে পাঁচ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা।



শেয়ার করুন :