৪’শ রানের সুবাস দিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৯ মে ২০২৬
৪’শ রানের সুবাস দিয়ে লাঞ্চে বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে অভিজ্ঞ মুশফিকুর রহীনের দায়িত্বশীল ব্যাটিং মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৮০ রান।

ব্যাট হাতে ৭১ রান নিয়ে মুশফিকুর এবং এবাদত হোসেন (০) উইকেটে আছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরেক ব্যাটার মোমিনুল হক ৯১ রানে থামেন।

প্রথম দিন শেষে মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তবে ৬৭ বল খেলে ৫টি চারের সহায়তায় ৩৩ রানে আউট হন লিটন।

এরপর মেহেদি হাসান মিরাজ ১০ ও তাইজুল ইসলাম ১৭ রানে ফিরলে, এবাদতকে নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেন মুশফিক। ৮টি চারে ১৭৬ বল খেলে ৭১ রানে অপরাজিত আছেন তিনি। ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এবাদত।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৭৩ রানে ৪ উইকেট নেন।



শেয়ার করুন :