ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে জুনে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে ২৫ মে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের। রবিবার (১০ মে) মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন।
তিনি বলেন, “পাঁচ ম্যাচের মধ্যে আমরা তিনটিতে জয়ের আশা করছি। আমাদের লক্ষ্য থাকবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো জেতা। আমাদের এই তিনটি ম্যাচ জেতা উচিত।”
সাজ্জাদ জানান, দল চূড়ান্ত করার সময় নির্বাচকদের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে। নির্বাচক প্যানেলের অপর সদস্য বাংলাদেশের সাবেক অধিনায় সালমা খাতুন এসময় উপস্থিত ছিলেন।
শেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা।
লঙ্কান সিরিজ থেকে বিশ্বকাপ দলে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাজ নেহার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানার ফিটনেস নিয়েও উদ্বেগ আছে। যদিও বড় কোন ইনজুরিতে ভুগছেন না তিনি।
সাজ্জাদ বলেন, “আমার মনে হয়, তার ইনজুরির জন্য বিশ্রাম ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্রাম নিলে তার জন্য ভালো হবে। কিন্তু সে যদি খেলতে থাকে, তাহলে সমস্যা বেড়ে যেতে পারে।”
১৫ সদস্যের বাংলাদেশ দলে মাত্র দুজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ স্পিনের ওপরই বেশি নির্ভর করবে। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মারুফা আখতার ও ফারিহা ইসলাম। পেস বোলিংয়ে ব্যাকআপ হিসেবে থাকছেন ঋতুমনি।
ইংল্যান্ডের কন্ডিশন পেস বোলিং সহায়ক হলেও দু’জন পেসার খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সাজ্জাদ বলেন, “ইংল্যান্ডের কন্ডিশনে বল বেশি মুভ করলেও আমরা দু’জন পেসার খেলাতে চাই। কিন্তু সম্প্রতি আমি যা দেখেছি, ইংল্যান্ডে গ্রীষ্মকালে বল ততটা মুভ করে না। উইকেটগুলো উপমহাদেশের মতো হয়ে গেছে।”
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।
