চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে যোগ দিলেন ডান-হাতি ব্যাটার স্টিভেন স্মিথ। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া জশ হ্যাজেলউডের বদলি হিসেবে স্মিথকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) হ্যাজেলউডের বদলি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। আইসিসি থেকে পাঠানো এক ই-মেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিসের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান হ্যাজেলউড। তবে সে সময় তার কোন বদলি নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নির্বাচকরা জানিয়েছিলেন, দরকার হলে বিশ্বকাপের মাঝপথে বদলি নেওয়া হবে। অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলে একটিতে জয় পেলেও অন্য ম্যাচে হারের স্বাদ পেয়েছে। দুই ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অসিরা।
নিজেদের তৃতীয় ম্যাচের আগে স্মিথকে দলে যুক্ত করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ।
২০২২ সালে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ ম্যাচ খেলে ২৪.৮৬ গড় ও ১২৫.৪৫ স্ট্রাইক রেটে ১,০৯৪ রান করেছেন স্মিথ।
সাম্প্রতিক সময়ে বিগ ব্যাশে ব্যাট হাতে ছন্দে ছিলেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ৬০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন তিনি।
