শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশে আসছেন সিডন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৫ মার্চ ২০২৬
শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশে আসছেন সিডন্স

ফাইল ফটো

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। চলতি বছরের ১৬ মার্চ থেকে শ্রীলঙ্কার সাথে তার এই চুক্তি শুরু হবে। তবে লঙ্কার নারী দল নিয়ে সিডন্স প্রথম সফরেই আসবেন বাংলাদেশে।

চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ওই সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন বাংলাদেশের সাবেক এই কোচ।

এর মধ্য দিয়ে রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন রত্নায়েকে।

২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাএলা করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। তবে ২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :