চার্টার্ড বিমানে ভারত ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৭ মার্চ ২০২৬
চার্টার্ড বিমানে ভারত ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতে সময় মতো ভারত ছাড়তে পারেনি বিশ্বকাপ খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল। ফলে তাদের জন্য এবার চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটরা খুব শিগগিরই দেশের উদ্দেশ্যে ভারত ছাড়বে। ক্রিকেটীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড। চার্টার্ড বিমানে সরাসরি লন্ডন যাবে ইংলিশরা।

এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত ছাড়ার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে রোববার চার্টার্ড বিমানে কলকাতা ছাড়ার সম্ভাবনা আছে দল দুটির। দক্ষিণ আফ্রিকা দলের সাথে জোহানেসবার্গ যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অ্যান্টিগা যাবে ক্যারিবীয়রা।

দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ রোববার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়বে। ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।

সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। আর সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ক্রিকেট দল।



শেয়ার করুন :