পাকিস্তানকে খাদের কিনায় ফেলে সেমি-ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে খাদের কিনায় ফেলে সেমি-ফাইনালে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ইংলিশদের কাছে হেরে গিয়ে সেমিতে উঠার পথে খাদের কিনায় পড়ে গেছে পাকিস্তান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাল্লাকেলে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানে সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাবে ৫ বল বাকি রেখে ২ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ে সুপার এইটে ৪ পয়েন্ট অর্জন করে চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো ইংল্যান্ড। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানে জয় পেয়েছিল ইংলিশরা।

১৬৫ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়েছিল ইংল্যান্ড। দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। তবে হ্যারি ব্রুক এক প্রান্ত ধরে রেখে মারকুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।

২৮ বলে ফিফটি আর ৫০ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করা হ্যারি ব্রুক-কে ফেরান শাহিন আফ্রিদি। ৫১ বলে ১০০ রানের ইনিংসে ১০টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।

হ্যাকি ব্রুকের এমন বিধ্বংসী ব্যাটিয়ে পাকিস্তানের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। ব্রুক যখন আউট হন ম্যাচের বাকি তখন ৩ ওভার, ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান।

এরপরও উইল জ্যাকসকে (২৮) ফিরিয়ে আশার আলো দেখিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। শেষ ওভারে সালমান মির্জার বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন জোফরা আর্চার।

এই হারে সেমি-ফাইনালে উঠার পথে কঠিন করে ফেলেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে তারা। বাকি ম্যাচটি জিতলেও রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।



শেয়ার করুন :