ওমেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (নারী বিপিএল) প্রথম আসর মাঠে গড়ানোর কথা ছিল ৪ এপ্রিল। তবে শুরুর আগেই সেটি পাল্টে গেল। তিন মাস পিছিয়ে ১০ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পিছিয়ে যাওয়া নারী বিপিএলে বাড়ানো হয়েছে ভেন্যু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, ওমেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (নারী বিপিএল) টি-টোয়েন্টির প্রথম সংস্করণটি এখন ১০ থেকে ২১ জুলাই বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দলের এই টুর্নামেন্টটি আগে ৪-১৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পূর্বের ঘোষণা অনুযায়ী, দেশের দুটি ভেন্যু ঢাকা এবং চট্টগ্রামে নারী বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। তবে তিন মাস পিছিয়ে দেওয়া প্রথম আসরের জন্য এখন বগুড়া ভেন্যুও যুক্ত করা হয়েছে।
পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর বিসিবি জুলাই মাসে টুর্নামেন্টের সময়-সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
তিন মাস পিছিয়ে দেওয়ায় দলগুলো এখন প্রস্তুতি নেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবে। যার ফলে দল গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনা পরিকল্পনা আরও সহজরত হবে।
বিসিবি আরও জানায়, নারী বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ ২১ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
