নারী বিপিএল শুরু ৪ এপ্রিল, ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
নারী বিপিএল শুরু ৪ এপ্রিল, ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

ফাইল ফটো

ওমেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (নারী বিপিএল) প্রথম আসর শুরু হবে ৪ এপ্রিল। দুই ভেন্যুতে তিন দলের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বোর্ড থেকে পাঠানো এক বিবৃতি গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।

চলতি মাসেই নারী বিপিএল করার ঘোষণা দিয়েছিল বিসিবি। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে নারী বিপিএলের প্রথম আসরটি অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। ঢাকা এবং চট্টগ্রাম ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হবে। পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

এদিকে, আসর শুরুর তারিখ চূড়ান্ত হলেও এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট চূড়ান্ত হয়নি। তবে বিসিবি জানিয়েছে বিস্তারিত কাজ চলমান রয়েছে।



শেয়ার করুন :