চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল ‘এ’ গ্রুপের ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বে আলোচনার তুঙ্গে থাকলেও মাঠে সেই প্রতিযোগিতা করতে পারলো না পাকিস্তান। সূর্যকুমার যাদবদের কাছে পাত্তাই পেল না সালমান আগার দল।
কলম্বোতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকা পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায়।
দুই ওভার বাকি থাকতে পাকিস্তানকে গুটিয়ে দিয়ে ৬১ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। এ ম্যাচ জয়ে গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। অন্যদিকে, নিজেদের তিন ম্যাচে প্রথম হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
ভারতের ছুঁড়ে দেওয়া ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় রান যোগ করার আগে ইনিংস শুরুর ওভারের চতুর্থ বলে উইকেট হারায় তারা। এরপর হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেলদের বোলিং তোপের মুখে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা।
সাহিবজাদা ফারহান শূন্য রানে, সাইম আইয়ুব ৬ রানে, সালমান আলি আগা ৪ রানে, বাবর আজম ৫ রানে আউট হয়ে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দলীয় ৩৪ রানেই বিদায় নেয় চার ব্যাটার।
মিডল অর্ডারে ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। বাকি ব্যাটারদের আর কেউ দাঁড়াতেই পারেনি। ১৪ রানে শাদাব খান, ৪ রানে মোহাম্মদ নওয়াজ, ১০ রানে ফাহিম আশরাফ আউট হন। ১৯ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি।
ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, বরুন চক্রবর্তি নেন ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও তিলক বার্মা।
এর আগে ইশান কিশান ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ব্যাটিংয়ের পর ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল ভারত। দলের এ জয়ে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
