চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় ২০২৮ আসরে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আইসিসি থেকে বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ দল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
চলমান ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উত্তীর্ণ দলগুলো পরবর্তী আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হলো-পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।
সুপার এইটে উঠতে না পারলেও নিউজিল্যান্ডের খেলা নিশ্চিতই ছিল। কারণ, ২০২৮ বিশ্বকাপে তারা সহ-আয়োজক। একই কারণে এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়াও ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে।
বাকি জায়গাগুলো নির্ধারিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের মাধ্যমে। সুপার এইটে জায়গা করতে ব্যর্থ হওয়া কিংবা আয়োজক না থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে। ৯ মার্চ প্রকাশ হতে যাওয়া র্যাঙ্কিং অনুযায়ী দলগুলো বিশ্বকাপে জায়গা পেয়েছে।
র্যাঙ্কিংয়ে বর্তমানে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম স্থানে, ২২১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান দশম স্থানে ও ২০০ রেটিং পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড দ্বাদশ স্থানে রয়েছে।
২০ দল বিশ্বকাপে বাকি আটটি দল আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে প্রতিটি অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তিমত্তার ওপর ভিত্তি করে স্থানের সংখ্যা বরাদ্দ করা হবে।
